প্রথম ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

১৩ জুলাই, ২০২০ ১৬:৪৬  
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভা বৈঠক। সোমবার (১৩ জুন) বেলা ১১টায় শুরু হয়ে ডিজিটাল বৈঠকটি শেষ হয় পৌনে ১টার দিকে। গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সংযুক্ত ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মুখ্য সচিব আহমেদ কায়কাউস গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। অপরদিকে সচিবালয় প্রান্তে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ভিডিও কনফারেন্সের মধ্যমে যুক্ত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও সংশ্লিষ্টৈ মন্ত্রণালয়ের সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন।